নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তাঁর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পর আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের এই সম্পর্কের পর বর্তমানে আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন লায়লা।
‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার’
লায়লার বাবা ও শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, “বিয়ে করবে বলে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় আমার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য ছেলে পক্ষকে বিয়ের প্রস্তাব দিলে তারা প্রথমে সম্মতি দিলেও এখন টালবাহানা শুরু করেছে।”
তিনি আরও বলেন, মেয়েটি দীর্ঘ সময় ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করায় তাঁর জীবন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রেমের সম্পর্কের কথা স্বীকার প্রেমিকের ভাইয়ের
এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমার ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন ছিল। কিন্তু আমার ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না। আমাদের কী করার আছে?”
বিষের বোতল হাতে রাখার বিষয়ে জানতে চাইলে আজমল খান বলেন, “বিষের বোতল ছিল। তবে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।”
কয়েক দফা উদ্যোগেও হয়নি সমাধান
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। বিয়ের দাবিতে তরুণীর দীর্ঘ সময় ধরে প্রেমিকের বাড়িতে অবস্থানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
