ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট কমাতে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার মালিকানাধীন জায়গা ব্যবহার করে প্রস্তাবিত এ সড়কটি বাস্তবায়িত হলে শহরের এই অংশে যোগাযোগব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, সদর মডেল থানার পূর্ব সীমানা ঘেঁষে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত পৌরসভার মালিকানাধীন জায়গা রয়েছে। মসজিদ রোড থেকে একটি বড় ড্রেন এসে টাউন খালের সঙ্গে যুক্ত হয়েছে। জনস্বার্থ বিবেচনায় ওই জায়গা ব্যবহার করে একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছে পৌরসভা।
পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত রাস্তাটির পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জায়গা পরিমাপের পাশাপাশি রাস্তার স্কেচও প্রস্তুত করা হয়েছে। এখন স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের সরেজমিন পরিদর্শন, প্রয়োজনীয় নির্দেশনা এবং সড়কের জায়গা দখলমুক্ত করার কার্যক্রম বাকি রয়েছে।
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন এবং রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
তবে প্রস্তাবিত সড়কের জায়গায় দখল নিয়ে জটিলতা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালপাড় এলাকায় ড্রেনের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করে জায়গাটি দখল করে রাখা হয়েছে। সাময়িক বরাদ্দের নামে ব্যবহৃত একটি কাগজের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। পৌরসভার আইন ও বিধি অনুযায়ী কাগজটির বৈধতা নেই বলেও পৌরসভার একটি সূত্র জানিয়েছে।
ড্রেনের ওপর দোকান নির্মাণ ও দখলের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ একটি সড়ক নির্মাণের জায়গা দখল করে রাখার বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সড়কের দুই পাশে থাকা বৈধ ও অবৈধ—সব ধরনের স্থাপনা আইনানুগ প্রক্রিয়ায় অপসারণ করে খালপাড়–মসজিদ রোড সড়কটির নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে। সড়কটি বাস্তবায়িত হলে শহরের এ অংশের যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
