ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাকৃতিক বিল, কৃষিজমি ও বসতভিটা ভরাট করে তিতাস নদীর পূর্বাঞ্চলে উপশহর স্থাপনের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিতাস নদীর পূর্বাঞ্চলের বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটি, ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস নদীর পূর্বাঞ্চলে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, প্রাকৃতিক বিল, জলাশয় ও মানুষের বসতভিটা। এসব জমি ও জলাশয় ভরাট করে উপশহর স্থাপন করা হলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। পাশাপাশি কৃষিজমি কমে যাওয়ায় স্থানীয় কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকাতেও নেতিবাচক প্রভাব পড়বে।
তারা আরও বলেন, উন্নয়ন প্রয়োজন হলেও কৃষিজমি, প্রাকৃতিক জলাধার ও বসতভিটা ধ্বংস করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। এলাকার পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে তিতাস পূর্বাঞ্চলে প্রস্তাবিত উপশহর স্থাপনের উদ্যোগ পুনর্বিবেচনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. আবুসাঈদ-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে প্রাকৃতিক বিল, কৃষিজমি, জলাশয় ও বসতভিটা রক্ষা এবং এসব এলাকা ভরাট করে তিতাস পূর্বাঞ্চলে উপশহর স্থাপনের উদ্যোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
