ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেললাইনের পাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে।
গত ৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনে পাথর নিক্ষেপের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ঘোষণা দেওয়া হয়, আশুগঞ্জ থেকে আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত রেললাইনের পাশে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক প্রচারণার জন্য বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হবে। জেলা বিএনপি নেতা মো. আলী আজমের তত্ত্বাবধানে ও অর্থায়নে এসব বিলবোর্ড স্থাপনের কথা জানানো হয়।
তবে সভার পর সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুত বিলবোর্ডগুলো এখনো স্থাপন করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে জেলার আশুগঞ্জ-আখাউড়া রেলপথের বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা এখনো প্রায়ই ঘটছে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যাত্রীদের আহত হওয়া, জানালার কাচ ভেঙে যাওয়া এবং ট্রেনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এ অবস্থায় জনস্বার্থে গত ৩ জুলাইয়ের সভায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেললাইনের পাশে দ্রুত সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের আশা, সংশ্লিষ্টরা দ্রুত উদ্যোগ নিয়ে প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করবেন এবং ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে কার্যকর জনসচেতনতা গড়ে তুলবেন।
