বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ সমাবেশের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নথি ও আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২০ সালে দায়ের করা একটি মামলায় (জিআর নম্বর-১৭৬/২০২০, সিজেএম মামলা নম্বর-৭৭৬/২০২৩) সাকিব মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর সাকিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তার সাকিব মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলফু মিয়া ওরফে লালন ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
