কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড়-কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ।
গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মো. সফি মিয়ার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর এলাকায় ল্যাংড়া শাহ আলমের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়।
অভিযানকালে আছমা আক্তারকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২১ এবং জি.আর. নম্বর ৩৪৫।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
