ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজারে জেলিযুক্ত ও ক্ষতিকর চিংড়ি বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৫০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের একটি মাছের দোকানে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান থেকে ৫০ কেজি চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
