ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার, সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
সভায় প্রধান অতিথি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন তিনি।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার গোষ্ঠীগত সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি কার্যকর পুলিশি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রতিটি থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
