আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়ি থেকে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পিকআপটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মো. সেবুল আহাম্মদ এবং উপর গ্রাম আনফরের বাড়ি এলাকার মো. ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ।
পুলিশ জানায়, উদ্ধার করা সিরাপ ও পিকআপ গাড়িটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
