বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গাঁজা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শামীম আহমেদ মোরশেদ, পিতা আব্দুল আউয়াল মিয়া এবং মো. শামীম, পিতা ফারুক মিয়া। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মধ্যপাড়া এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও সংশ্লিষ্ট মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
