জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি ভেটেরিনারি ফার্মেসিতে বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা, চিকিৎসকদের জন্য নির্ধারিত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। পরে এসব অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পশুসম্পদ সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণসহ আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
