ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ইসলামপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, ১ হাজার ৫৬৯ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট এবং ৮ হাজার ৪৫০টি উন্নতমানের সানগ্লাস। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার রাতে সরাইল ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে পৃথক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ ও ৫৭ বোতল বিয়ার জব্দ করে বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
