আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ মোঃ মাসুম মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা মোঃ মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ছোটাবন্দ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফয়েজ উদ্দিন মিয়া।
আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
