ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পরিমাপে কারচুপি করে গ্রাহকদের কম তেল দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামে একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মোল্লাবাড়ি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আরেফিন ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির পরিমাপ যাচাই করতে গিয়ে প্রতি ৫ লিটারে ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্রতি লিটার তেলে ৪০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল।
পরিমাপে কারচুপির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এবং পণ্য ও সেবার পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
