ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এলহামপাড়া ও ভাদুঘর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে এলহামপাড়া ও ভাদুঘর এলাকার বিভিন্ন স্থানে মাটির নিচে স্থাপন করা অবৈধ গ্যাস পাইপলাইনের সন্ধান পাওয়া যায়। পরে ২৬টি অবৈধ সংযোগের রাইজার উচ্ছেদ করে সংযোগগুলো নিষ্ক্রিয় করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপন করা প্রায় ১৫২ মিটার গ্যাস নেটওয়ার্ক অপসারণ করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। অভিযান থেকে নয়টি গ্যাস রেগুলেটরও উদ্ধার করা হয়েছে।
বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
