আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক হত্যা মামলা থাকায় ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন।
এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই ও ডাটাবেজ পরীক্ষা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় ইদ্রিস আলী আসামি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ইদ্রিস আলীকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম বলেন, “ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশনে আসেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।”
এ ছাড়া ইদ্রিস আলীর বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
