ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ‘Green & Clean Brahmanbaria’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারি পাড় মুক্ত মঞ্চ এলাকায় স্থাপিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন Green & Clean Brahmanbaria।
আজ সংগঠনটির উদ্যোগে মুক্ত মঞ্চ এলাকায় থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন সরিয়ে স্থানটি পরিষ্কার করা হয়। উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার অংশ হিসেবে তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তাদের প্রত্যাশা, ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে একসময় পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর ব্যানার, পোস্টার ও ফেস্টুনের জঞ্জাল থেকে মুক্ত হবে। একটি পরিচ্ছন্ন ও নান্দনিক শহর গড়ে তুলতে নাগরিকদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
তবে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে অবৈধ বা অননুমোদিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা মূলত পৌরসভার নিয়মিত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনে পৌরসভার অনীহা নাগরিকদের জন্য হতাশাজনক ও দুঃখজনক।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একই সঙ্গে পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
