মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
আসন্ন ৮নং নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা বায়েজিদ আহমেদ হেলাল। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
বায়েজিদ আহমেদ হেলাল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
বায়েজিদ আহমেদ হেলালের ভাষ্য, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানি ও কারা নির্যাতনের শিকার হয়ে জেল খেটেছেন। তিনি নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দাবি করেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে বায়েজিদ আহমেদ হেলাল বলেন, নাটাই উত্তর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সুখে-দুঃখে মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা আরও সহজ করা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি নাটাই উত্তর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। জনগণ আমাকে যে দায়িত্ব দেওয়ার সুযোগ দেবেন, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের চেষ্টা করব।
স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
