ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে হাজারো মানুষ।
আজ শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ ভিড় করেন কলেজ মাঠে।গত ১৮ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিক।
জাতীয় সংসদ ভবন ও নয়াপল্টনে জানাজা শেষে শনিবার সকালে তাঁর মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ও গুণগ্রাহীরা।
দলমত নির্বিশেষে সবাই তাঁর সততা, নেতৃত্ব ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের হুইপ ও চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন তিনি।
জানাজা শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদায়ের মধ্য দিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল।
