সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর আসামি শেখ আরাফাত (২৩) কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখে সরাইল থানার শাহবাজপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় পরদিন ১৮ মে সরাইল থানার উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) বখতিয়ার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।
এরই ধারাবাহিকতায় গতকাল পুলিশি অভিযানে মামলার ৪ নম্বর আসামি শেখ আরাফাতকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম যাতে সরাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
