আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। ফলে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত হাওড়া নদীর পানি বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সঙ্গে কমেছে কালন্দি খালের পানিও। পানি দ্রুত কমতে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে আখাউড়ায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে ধানের চারা রোপণ করা হয়। সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়।
তবে পানি দ্রুত কমতে থাকায় আমন ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পানি কমতে শুরু করায় ফসলি জমিতে তেমন কোনো ক্ষতি হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, পানি বাড়ার কারণে কিছু ফসলি জমি তলিয়ে গেলেও মৎস্য খাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পানি কমতে শুরু করেছে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন কাজ করছে। পানিবন্দি পরিবারগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
পানি দ্রুত কমতে থাকায় আখাউড়ার প্লাবিত এলাকাগুলোতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
