দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি পৌরশহরের সড়কবাজার এলাকা প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে বিএনপি রাজপথে থেকে এর প্রতিবাদ করবে। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় জড়ো হন। পরে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পৌরশহরের বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
