ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ‘ট’ বগির আটটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোর ৫টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তিতাস কমিউটার ট্রেনটি। এর আগে শান্টিংয়ের সময় গেটকিপার স্বাধীন আহমেদ ‘ট’ বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন লাগানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে।
