স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কাউতুলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজনের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার বিশ্বনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম জহুরুল। তিনি কাজের সুবাদে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী দাতিয়ারা এলাকায় ফারুক মিয়ার বাসায় থাকতেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভবনটির পাঁচতলার ছাদে নির্মাণকাজ করার সময় সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা মাত্রই মৃত্যুসনদ পেয়েছেন। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা প্রেরক:
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন,
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
তারিখ: ১১ নভেম্বর ২০২৬ইং
মোবা: ০১৭৯৮-০৯১৭২১
