স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাটে সরকারি নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। নরসিংদী–মরিচাকান্দি–সলিমগঞ্জ নৌপথে ২৫ মিনিট পরপর ১৪টি লঞ্চ চলাচলের সময়সূচি নির্ধারিত থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। লঞ্চ মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকেরা লঞ্চ ভেড়াতে বাধা দিচ্ছেন।
এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন লঞ্চ মালিকেরা, অন্যদিকে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। নরসিংদী থেকে মরিচাকান্দি পর্যন্ত লঞ্চভাড়া ৬০ টাকা হলেও স্পিডবোটে যাতায়াতে গুনতে হচ্ছে ১৭০ টাকা। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার দাবি করেছেন লঞ্চ মালিকেরা।
লঞ্চ মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও ঘাট ইজারাদার আলমগীর হোসেনের ঘনিষ্ঠদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকেরা লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এমনকি লঞ্চ ঘাটে ভেড়াতে গেলে সারেং ও কর্মচারীদের গালিগালাজ, মারধর ও অপদস্থ করার ঘটনাও ঘটেছে বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঘাট ইজারাদার আলমগীর হোসেন। তাঁর দাবি, লঞ্চ ভেড়াতে তাঁর কোনো আপত্তি নেই।
লঞ্চ মালিকদের ভাষ্য, বিআইডব্লিউটিএর নির্ধারিত সময়সূচি কার্যকর করা এবং ঘাটে নির্বিঘ্নে যাত্রী ওঠানামার পরিবেশ নিশ্চিত করা গেলে এ সংকটের সমাধান সম্ভব। বিষয়টি নিয়ে প্রশাসন ও বিআইডব্লিউটিএর কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
