আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলব্রিজের নিচে পানিতে এক পুরুষের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় জানা যায়নি।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খড়মপুর এলাকায় রেলব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া বাইপাস থেকে আজমপুর স্টেশনের দিকে এগিয়ে গেলে ওই রেলব্রিজটির অবস্থান। ব্রিজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
পরে আখাউড়া থানা ও আখাউড়া রেলওয়ে থানাকে ঘটনাটি অবগত করা হয়েছে। তবে মরদেহটি কীভাবে সেখানে এসেছে বা এটি কোনো দুর্ঘটনার ঘটনা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত পুলিশি তদন্তের পর জানা যাবে।
