ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে সৃষ্ট পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি নিরসন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের স্থায়ী সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমিনপুর এলাকার দীর্ঘদিনের ময়লা-আবর্জনার সমস্যা, এর কারণে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি ও স্থানীয় বাসিন্দাদের নানা দুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমস্যাটির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সভাটি সঞ্চালনা করেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
