ইতালিতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
রোববার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম। আকস্মিক এ দুর্ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে তিনি সেখানে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার অকাল মৃত্যুতে স্ত্রী ও চার সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, আমার কাকা দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
তিনি আরও জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে
