ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘির পাড় (টেংকের পাড়) এলাকায় উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানা এলাকার ১০টি পুরুষ ও ৬টি নারী কাবাডি দল অংশ নেয়।
প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জমজমাট ফাইনাল শেষে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তরুণদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্বও তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
