বিশেষ প্রতি নিধী
পুনরায় সতর্কবার্তা অমান্য করে অবৈধ পন্থায় ওষুধ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে বিসমিল্লাহ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টার দিকে সদর উপজেলার কাউতলী ডায়াবেটিস হসপিটালের ভেতরে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ফার্মেসিটির প্রোপাইটর আলমগীর হোসেন ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আইন অমান্য করে মেয়াদউত্তীর্ণ অ্যান্টিবায়োটিক এবং বিক্রয়-নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও বিক্রি করছিলেন। এছাড়া হালনাগাদ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানেও ব্যর্থ হন তিনি। অসাধু উপায়ে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার এসব অপরাধে তাকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
জনস্বার্থ ও সঠিক ওষুধ সরবরাহ নিশ্চিত করতে অসাধু ফার্মেসিগুলোর বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
