জাতীয় সংসদে হিজাব বিষয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন মুসলিম সমাজ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জাতীয় সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাব বিষয়ে দেওয়া বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, দেশের ধর্মীয় মূল্যবোধ ও জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা সকল জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।
মানববন্ধনে দেলোয়ার হোসেন মাহদী, আবু বকর মুহাম্মাদ আইমান, আরিফ বিল্লাহ, মুজাহিদ, মুফতি রহমতুল্লাহ হানাফী, জাহিদুল হাসান ইসরাফিলসহ স্থানীয় আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
