শেখ ইলিয়াছ ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে তিতাস নদী ও সংলগ্ন বিলে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জালসহ বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিতাস নদী ও আশপাশের বিলে অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী ও বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল ও ফাঁদ জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত জাল ও ফাঁদগুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়। সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণী হুমকির মুখে পড়ে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
জেলা মৎস্য কর্মকর্তারা জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও অভিযানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও জলাশয়ের পরিবেশ রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মৎস্য সম্পদ নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিবেদন শেখ মোহাম্মাদ
জেলা প্রতিনিধি দৈনিক সরকার ব্রাহ্মণবাড়িয়া
১৪/৭/২০২৬ইং
