নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নবীনগর থানার উদ্যোগে উপজেলার কৃষ্ণনগর হাইস্কুল মাঠে এ সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) জনাব পিয়াস বসাক। এছাড়া উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোরশেদ আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য জনাব মাসুদুল ইসলাম মাসুদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত র্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত নবীনগর গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
