ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর-বগডহর এলাকায় নদীর জমি ভরাট করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে আহমদ হসপিটাল কর্তৃক নদীর জমি ভরাটের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(৫) ধারার বিধান লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা ধার্য করেন। পরে ধার্যকৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রাখিবুল হাসান, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে সরাইল উপজেলা পুলিশের সদস্য, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভরাটকৃত অংশ আগামী ১৫ দিনের মধ্যে খালি করে নদীর জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে ভরাটকাজে ব্যবহৃত/ভরাটকৃত বালু জব্দ করে নিলাম এবং পরিবেশ সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং সরকারি নদী ও জলাধারের অবৈধ দখল ও ভরাট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
