ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে আরমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান হুরুয়া গ্রামের শান্ত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু আরমান। খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
