নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ জুবায়ের প্রকাশ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল বাজারে জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ক্রয়-বিক্রয় এবং বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের তথ্য পাওয়া যায়।
পরে অভিযান চালিয়ে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত HP EliteBook 845G7 ও ASUS X509J মডেলের দুটি ল্যাপটপও জব্দ করা হয়। এ সময় জুবায়ের প্রকাশ রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জুবায়ের নাসিরনগর উপজেলার ধরমন্ডল লম্বা হাটি এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোবাইল ফোন ও ল্যাপটপ বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা করা হয়েছে। চোরাই মোবাইল কেনাবেচা ও আইএমইআই পরিবর্তনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
