ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারির খাদ্যপণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়া বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেকারির মালিক আলী আজগর পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি করছিলেন।
তিনি জানান, বিভিন্ন বাজার থেকে পচা ডিম সংগ্রহ করে বিশেষ রাসায়নিক পদার্থের মাধ্যমে দুর্গন্ধ দূর করার পর সেগুলো বেকারির খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হতো।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
