ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে মহাপরিকল্পনার খসড়া রূপরেখা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিকল্পিত নগর গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশলী, প্রকল্পসংশ্লিষ্ট টিমের সদস্য, বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ করে আধুনিক, মাস্টারপ্ল্যানভিত্তিক, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পরিকল্পনার আওতায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা, সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও এর কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
কর্মশালায় খসড়া মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ তদারকি, সমন্বয় ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আরও পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
