ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
খেলার মাঠের সামান্য কথা-কাটাকাটি থেকে শুরু হয় উত্তেজনা। পরে তা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মানুষের মধ্যে। একপর্যায়ে দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও টর্চলাইটের আলোয় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় নতুন হাবলিপাড়া গ্রামের কিশোর লামিন। খেলা চলাকালে স্বল্পনোয়াগাঁও গ্রামের কিশোর শুভর সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শুভ লামিনকে মারধর করলে বিষয়টি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জের ধরে সন্ধ্যার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের ভাষ্য, রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সংঘর্ষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
