মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদায়িত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল পরিবারে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর এই পদায়নকে দেশের পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি উদ্যোগ হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার কারণে দীর্ঘ সময় নানা প্রতিকূলতা ও বৈষম্যের মুখোমুখি হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনদের দাবি। তিনি বিসিএস (কর) কর্মকর্তা হিসেবে কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব লাভ করেন।
দক্ষতা, মেধা, নেতৃত্বগুণ ও বহুমাত্রিক যোগ্যতার কারণে সরকারের গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনাময় খাতে তাঁর পদায়নকে ইতিবাচকভাবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল পরিবারের নেতাকর্মী-সমর্থকরা। তাঁদের প্রত্যাশা, তাঁর সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশের পর্যটন শিল্প আরও আধুনিক, গতিশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
শুভাকাঙ্ক্ষীরা বলেন, বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমুদ্রসৈকত, পাহাড় ও নদীকে কাজে লাগিয়ে এ খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর অভিজ্ঞতা ও নেতৃত্ব সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।
তাঁর এই নতুন দায়িত্বে পদায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশীদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, মহান আল্লাহ যেন তাঁর মেধা, প্রজ্ঞা ও সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও আলোকিত করার তৌফিক দান করেন।
