নিজস্ব প্রতিবেদক | প্রজ্ঞা সংবাদ
বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
ডিআইজি হাবিবুর রহমান খাঁন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের ঐতিহ্যবাহী খাঁন বাড়ির সন্তান। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন ও অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৮তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদায় পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একাধিকবার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
পারিবারিক সূত্রে জানা যায়, ডিআইজি হাবিবুর রহমান খাঁনের বাবা মরহুম আব্দুর রহমান খাঁন স্বাধীনতাপূর্ব সময়ে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মা মরহুমা সুফিয়া বেগম ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী ডা. ফারহানা হক খাঁন চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ডিআইজি হাবিবুর রহমান খাঁন। একই সঙ্গে তিনি সবার দোয়া চেয়েছেন।
নবীনগরের সন্তান হিসেবে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ এ পদে তাঁর নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
