বাঞ্ছারামপুর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এ জনসভার আয়োজন করা হয়।জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিনের পক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে পরিবর্তনের গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি দিশেহারা হয়ে সহিংসতার পথ বেছে নিচ্ছে।”তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের দাঁড়িপাল্লায় ভোট না দিতে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
জনসভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন ও জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।এছাড়াও জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
