ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরশ চলছিল। ওরশ উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিদ্যুতের বিল পরিশোধকে কেন্দ্র করে মনির ও রাজন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মনির ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তিনি তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পুলিশ। এতে চার পুলিশ সদস্য আহত হন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।