নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে মুরাদুল হক ভূইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর বিকেল সাড়ে ৫টায় পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মো. কাশেমকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ৫ নম্বর হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ৮টা ১৫ মিনিটে ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকায় অভিযান চালিয়ে জাহেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১১ কেজি গাঁজা ও ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাশেমের বিরুদ্ধে এর আগে দুটি এবং মনির হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার মুরাদুল হক ভূইয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পাওন এলাকার বাসিন্দা। অপর তিনজন—কাশেম, মনির হোসেন ও জাহেদা বেগম—বিজয়নগর উপজেলার কামালমুড়া ও হাজীপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
