ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যানজটের মধ্যে বারবার হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের বিরোধের ঘটনা ঘটেছে। এ সময় শাহজাহান মিয়া (৪৫) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হন। পরে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে বিজয়নগরে একটি দলীয় সভায় অংশ নেন। সভা শেষে তিনি গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশে রওনা হন।
পথে আমতলী বাজার এলাকায় যানজটের মধ্যে সংসদ সদস্যের গাড়িবহরের পেছনে থাকা একটি প্রাইভেটকার থেকে বারবার হর্ন বাজানো হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া চালক ও যাত্রীদের হর্ন বাজানো বন্ধ করার অনুরোধ জানান। এ নিয়ে প্রথমে তর্কবিতর্ক এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা প্রাইভেটকারটি ভাঙচুর করেন। এতে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের সংসদ সদস্যের সঙ্গে আসা নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে গাড়িটি কোন নেতার, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কলেজের অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের গাড়িবহর বাজার এলাকা পার হওয়ার পর পেছনে থাকা এক দলীয় নেতার ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর জেরে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
