
জেলা প্রতিনিধি ঃ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যতিক্রমী ও ধর্মীয় ভাবগম্ভীর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের একটি খোলা প্রাঙ্গণে এ উপলক্ষে কুরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। লাল কাপড় বিছিয়ে বৃত্তাকারে বসে আলেম-ওলামা, হাফেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত ও দোয়ায় অংশগ্রহণ করেন।
আয়োজনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ ওসমান হাদীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানান, বিজয় দিবসের প্রকৃত চেতনা ধারণ করে দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করাই ছিল এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য। উপস্থিত মুসল্লিরা বলেন, এমন আয়োজন বিজয় দিবসের মর্যাদা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
শেষে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।