ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির কর্মসূচি হওয়ার কথা থাকলেও এর এক ঘণ্টা আগে একই স্থানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে শুক্রবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করে কওমী ছাত্র ঐক্য পরিষদ। পরে শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
এনসিপির কর্মসূচি বহাল
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ সাংবাদিকদের বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল ৪টায় সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে তাদের।
তিন দফা দাবিতে কওমী ছাত্র ঐক্য পরিষদ
কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি প্রত্যাহার এবং বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
তিনি বলেন, ‘লাইভে এসে ক্ষমা চাইতে হবে, পরবর্তী সংসদ অধিবেশনে ক্ষমা চাইতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
দাবি পূরণ না হওয়ায় শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শিল্পকলায় কোনো কর্মসূচি হবে না: জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানিয়েছেন, জেলা শিল্পকলা একাডেমিতে কোনো রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে না।
তিনি বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করে আবেদন করেছিল। তবে অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। এ কারণে ভেন্যু বাতিল করা হয়েছে। অন্যদিকে কওমী ছাত্র ঐক্য পরিষদও শিল্পকলায় কর্মসূচি আয়োজনের জন্য কোনো আবেদন করেনি।
পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
সংসদে হাসনাতের বক্তব্য ঘিরেই বিরোধ
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহর ওই বক্তব্যের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি ঘিরে বিরোধ দেখা দেয়। শনিবারের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি যাতে অপ্রীতিকর দিকে না যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে।
