নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় আব্দুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকা থেকে সদর মডেল থানা ও নবীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামের শেখ বাড়ির মৃত তালেব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট)-এর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানানো হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লোকমান হোসেন জানান, আব্দুল হক ব্যাংকটির ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সুদ ও অন্যান্য হিসাবসহ বর্তমানে ওই ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা হয়েছে। দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার সদর মডেল থানা ও নবীনগর থানা পুলিশের যৌথ অভিযানে বিদ্যাকুট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর মঙ্গলবার (১১ আগস্ট) আব্দুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
