স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ চার মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পেশাগত কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা বিজয়নগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
চলতি বছরের মে মাসে বিজয়নগর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আহসান উল্লাহ। দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘোষিত ছয়টি ক্যাটাগরির পুরস্কারের মধ্যে চারটি অর্জন করেছে বিজয়নগর থানা পুলিশ। ওসির পাশাপাশি থানার আরও তিন কর্মকর্তা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পেয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়; বিজয়নগর থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ও টিমওয়ার্কের ফল। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
