ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের অংশগ্রহণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক সেবনকারী, ব্যবসায়ী, ডিলার ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষায় সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি প্রজন্ম এবং সর্বোপরি পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। মাদক নির্মূলে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক ও সুধী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে মাদক প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
পরে বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি মাদকবিরোধী র্যালির উদ্বোধন করেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং সুধী সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাদকবিরোধী কার্যক্রমকে সফল করায় সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।
সমাবেশ থেকে মাদকবিরোধী প্রত্যয় ব্যক্ত করে স্লোগান ওঠে— “মাদকমুক্ত গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
